‘এক’-এর বৃত্তে ছন্দোবদ্ধ রোজ
শিশুটির নাম রোজ গ্রেটন। নামের সঙ্গে মিল রেখে দেখতে মেয়েটি গোলাপ ফুলের মতো ফুটফুটে। তবে তার আসল মাহাত্ম্য রয়েছে জন্মের সময়কালে। এবারের খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনটি তার জন্ম। সে অনুযায়ী তার জন্ম তারিখ ১.১.১১। চমক এখানেই শেষ নয়। জন্মের সময়টি হচ্ছে বেলা ১১টা ১১ মিনিট। যুক্তরাজ্যের ডার্বিশায়ার কাউন্টির নিল ও কেইসি গ্রেটন দম্পতির প্রথম সন্তান রোজ গ্রেটন। বার্টনের কুইন্স হাসপাতালে তার জন্ম। হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মের সময় রোজের ওজন ছিল আট পাউন্ড তিন আউন্স।নতুন বছরের প্রথম দিনে ওই হাসপাতালে আরও ১০টি শিশু জন্ম নিয়েছে। কিন্তু তাদের কেউই এমন ছন্দোবদ্ধ ক্ষণে পৃথিবীতে আসেনি। এদিক থেকে রোজকে তার স্বজনেরা সৌভাগ্যবান মনে করছেন। রোজের মা কেইসি বলেন, ২০১১ সালের প্রথম দিনের বেলা ১১টা ১১ মিনিটে রোজের জন্ম। দারুণ সময়ে সে পৃথিবীতে এসেছে। রোজের বাবা নিল গ্রেটন বলেন, রোজের জন্মের সময় বেশ জটিলতা দেখা দিয়েছিল, সে খুব ভাগ্যবান। একজন ভাগ্যবান মানুষের সব লক্ষণই তার মধ্যে দেখা যাচ্ছে। মা ও মেয়ে উভয়েই এখন সুস্থ। কুইন্স হাসপাতালের সেবিকা সাম কলিন্স জানান, নতুন বছরের প্রথম দিনে ওই হাসপাতালে ১১টি নবজাতক জন্ম নিয়েছে। তাই দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। ডেইলি মেইল অনলাইন।