'এটাই কি একমাত্র খবর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ছবি: এনডিটিভি
ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ছবি: এনডিটিভি

স্কুলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় যখন বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় চলছে অভিভাবকদের বিক্ষোভ, ঠিক তখনই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলে বসলেন এক বেফাঁস কথা। তিনি এক সাংবাদিককে বলেন, ‘এটাই কি একমাত্র খবর? আর কি কোনো খবর নেই?’
গতকাল মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটাই আমরা নেব। যখন যেখানে যা করা দরকার, আমরা তা-ই করব।’ তিনি এ ঘটনার জন্য কর্ণাটকের বিরোধী দল বিজেপিকে দায়ী করে বলেন, দলটি এ ঘটনায় রাজনৈতিক ফায়দা লুটছে।

২ জুলাই বেঙ্গালুরুর ভাইবগিওড় স্কুলে ক্লাস চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে দুষ্টুমি করার জন্য শিক্ষক ছয় বছরের একটি মেয়েকে ক্লাস ছেড়ে চলে যেতে বলেন। শাস্তি হিসেবে স্কুলের একটি ফাঁকা ভাঁড়ার কক্ষে (শরীরচর্চার জিনিস রাখার ঘর) তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়। এ সময় তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই স্কুলের স্কেটিং শিক্ষক মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের ল্যাপটপে স্কুলের শিশুদের ধর্ষণ করার ছবি ও ভিডিও পাওয়া গেছে।

ধর্ষণের ঘটনার পর স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা স্কুলে থাকাকালে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধীদের শাস্তি দাবি করেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই স্কুল বর্জন করেছেন অভিভাবকেরা।

এই ঘটনা ধামাচাপা দেওয়া ও স্কুল ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দিতে ব্যর্থ হওয়ায় স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত সোমবার রাজ্যসভায় তিনি এ ঘোষণা দেন।

ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ২০১২ সালে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে সরকারকে জোরালো ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। ধর্ষণবিরোধী আইন জোরদার ও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কথা বলা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৩-এর হিসাব অনুযায়ী, ভারতে প্রতি ২১ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে।