‘এপ্রিল ফুল’ মিট রমনি!
রঙ্গ-রসিকতা করতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী মিট রমনি। সুযোগ পেলেই নিজের সহযোগীদের ওপর সেটা প্রয়োগ করেন তিনি। তবে এবার তাঁর সেই সহযোগীরা তাঁকে বোকা বানিয়ে ছাড়লেন। গত রোববার ছিল ১ এপ্রিল। দিনের শুরুতেই নির্বাচনী প্রচারণার নামে রমনিকে তাঁর সহযোগীরা একটি জনসমাগমশূন্য কক্ষে নিয়ে গিয়ে মঞ্চে উঠিয়ে পরিচয় করিয়ে দিলেন। আসলে রমনিকে ‘এপ্রিল ফুল’ বানানোর জন্যই সহযোগীদের এই ব্যবস্থা। আজ মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে। আর এ ঘটনাকে উপলক্ষ করেই সেদিনের ওই রসিকতা। রোববার সকালে সেখানে নির্ধারিত প্রচারণা শুরুর আগে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী রমনিকে নেওয়া হয় মিলওয়াওকি এলাকার একটি রেস্তোরাঁর বলরুমে।রমনি জানান, সহযোগীরা তাঁকে আগভাগেই জানিয়ে দিয়েছিলেন, সেখানে লোকসমাগম খুবই কম হবে। তবে সবকিছু ঠিকঠাক আছে।প্রথা অনুসারে প্রথমে মঞ্চে গিয়ে রমনির বিস্তারিত পরিচয় তুলে ধরেন তাঁর সহযোগী উইসকনসিন অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান পল রিয়ান। এরপর আরেক সহযোগী সিনেটর রন জনসনকে সঙ্গে নিয়ে মঞ্চে উপবিষ্ট হন রমনি। কিন্তু নিজের আসনে বসেই চোখ ছানাবড়া! বড়সড় আকারের বলরুমটি একেবারেই দর্শকশূন্য। রয়টার্স।