'এমএইচ ১৭' ফ্লাইট নম্বর তুলে নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানের বহর থেকে ‘এমএইচ ১৭’ ফ্লাইট নম্বর প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। গতকাল রোববার কর্মকর্তারা এ কথা জানান।খবর এএফপির।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজের নিহত ২৯৮ যাত্রীর প্রতি ‘সম্মান প্রদর্শন’ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়োজাহাজটির ফ্লাইট নম্বর ছিল ‘এমএইচ ১৭’। আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর ফিরছিল এটি।
এমএইচ ১৭ ফ্লাইট নম্বরের পরিবর্তে এখন থেকে কুয়ালালামপুর-আমস্টারডামের মধ্যে নিয়মিত চলাচলকারী বিমান ফ্লাইটের নম্বর হবে এমএইচ ১৯। ২৫ জুলাই থেকে এটি কার্যকর হবে।
চার মাসের মধ্যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিমানের ফ্লাইট নম্বর পরিবর্তন করল। গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশীয় এয়ারলাইনসের কুয়ালালামপুর-বেইজিং রুটের বিমান ‘এমএইচ ৩৭০’ দুর্ঘটনার শিকার হয়। এখনো এর কোনো হদিস মেলেনি। বমালয়েশিয়া এয়ারলাইনস গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক বিমান দুর্ঘটনার বিষয়টি বিবেচনা করে কুয়ালালামপুর-আমস্টারডাম বিমানের ফ্লাইট নম্বর ‘এমএইচ ১৭’ বাদ দেওয়া হবে। আমাদের নিহত বিমান ক্রু ও যাত্রীদের প্রতি সম্মান দেখাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’