'ওবামা সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট'
বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিন্দাল। গত শুক্রবার রক্ষণশীল রাজনৈতিক নেতাদের এক সভায় ইউক্রেনে আক্রমণ থেকে রাশিয়াকে বিরত রাখতে ওবামার ‘অক্ষমতার’ সমালোচনা করেন জিন্দাল। তিনি যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের আশায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, ‘আমি জিমি কার্টারকেই সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে এত দিন জানতাম। কিন্তু প্রেসিডেন্ট ওবামা আমার ধারণা ভুল প্রমাণ করেছেন।’
ওবামার পররাষ্ট্রনীতির সমালোচনা করে জিন্দাল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাবলি দেখে মনে হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট একটি প্রতিবেশী দেশে হামলা করছেন আর আমাদের প্রেসিডেন্ট এ দেশের সেনাবাহিনীর আকার ছোট করতে চাইছেন। মনে হয়, তিনি বুঝতে পারছেন না, একটি শান্তিপূর্ণ ও অধিকতর স্থিতিশীল বিশ্বকে নেতৃত্ব দিতে আমেরিকাকে শক্তিশালী করা প্রয়োজন।’
জিন্দালের বক্তব্যে তুমুল করতালি ও কৌতুকের আবহ তৈরি হয়। তিনি ওবামার অর্থনৈতিক ও অভ্যন্তরীণ নীতিরও সমালোচনা করেন। পিটিআই।