‘ওবামার মধ্যপ্রাচ্য নীতি বিপজ্জনক’
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি গত রোববার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওবামার মধ্যপ্রাচ্য নীতি ‘বিপজ্জনক’। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভসহ অস্বস্তিকর পরিস্থিতির ব্যাপারেওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে রমনি বলেন, ‘মনে হচ্ছে যুক্তরাষ্ট্র পরিস্থিতির শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ বা মিত্রদের রক্ষায় আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। এটা বিপজ্জনক।’ রমনি বলেন, মধ্যপ্রাচ্যে গোলযোগ ছড়িয়ে পড়লে, ইরান পরমাণু অর্জনের পথে এগিয়ে গেলে বা ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে আপস করা হলে যুক্তরাষ্ট্র বিশাল এক ঘূর্ণাবর্তে পড়তে পারে। ওবামার মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে রমনি লিখেছেন, ‘সাফল্যের জন্য আমাদের একটি কৌশলের প্রয়োজন ছিল। কিন্তু তিনি (ওবামা) এ বিষয়ে কারও সহায়তা চাননি। বরং মুসলিম বিশ্বে গত কয়েক সপ্তাহের ঘটনাবলির তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন তিনি।’ ওবামার ইরাননীতিরও সমালোচনা করেন রমনি। তিনি বলেন, ওবামা নিছক ‘শোরগোল’ হিসেবে অভিহিত করে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েলের উদ্বেগ নাকচ করে দিয়েছেন। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ না করায় ওবামার সমালোচনা করেন রমনি। এএফপি।