'আমাকে ছুরি মারছে ডার্লিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে ছুরি মারছে ডার্লিং’ হাজার মাইল দূরে থাকা স্বামীকে মুঠোফোনে এভাবেই নিজের বিপদের কথা জানিয়েছিলেন স্ত্রী প্রভা অরুণ কুমার। ওপারে থাকা স্বামী তখন অসহায়। জীবনসঙ্গিনীর চরম বিপদের সময় পাশে দাঁড়ানোর কোনো উপায় ছিল না তাঁর।

গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনির একটি পার্কে ভারতের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা প্রভা অরুণ কুমারকে (৪১) ছুরিকাঘাত করে হত্যা করে এক দুর্বৃত্ত। প্রভা এ সময় মুঠোফোনে ভারতে থাকা স্বামী অরুণ কুমারের সঙ্গে কথা বলছিলেন।

এনডিটিভির এক খবরে সিডনির দ্য টেলিগ্রাফ পত্রিকার বরাত দিয়ে জানানো হয়, প্রতিদিনের কাজ শেষে প্রভা বাড়ি ফিরছিলেন। পরমাত্মা পার্ক দিয়ে বাড়ি যেতে কম সময় লাগে। এ জন্য সেদিক দিয়ে যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার পথে প্রতিদিনের মতো বহু দূরে থাকা স্বামী-সন্তানের সঙ্গে কথা বলছিলেন প্রভা। একপর্যায়ে হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন, ‘ডার্লিং, আমাকে ছুরি মারছে!’

এ ঘটনার পরে একজন পথচারী প্রভাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হয় প্রভাকে। তবে তাঁকে বাঁচানো যায়নি। প্রভা যে বাড়িতে থাকতেন, সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়ান কক্স বলেন, এ ধরনের হামলা সত্যি ভয়ংকর। তাঁরা কল্পনাও করেননি রাত সাড়ে নয়টার সময় এরকম হামলা হতে পারে।

সিডনিতে প্রভার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সারদা। ট্রেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রভাকে বারবার অন্ধকারে ওই পার্ক দিয়ে বাড়ি না ফেরার কথা তিনি বলেছিলেন। সারদা বলেন, প্রভার কাজ শেষ করে ফিরতে রাত হতো। তাড়াতাড়ি আসার জন্য তিনি ওই পার্ক দিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু পার্কের পরিবেশ ভালো না। সেখানে মাত্র দুই ডলারের জন্যও ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে।

সারদা আক্ষেপ করে বলেন, প্রভা তাঁর স্বামী ও সন্তানকে খুব ভালোবাসতেন। কাজ শেষ করেই তিনি ফোনে স্বামী ও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফিরতেন। কী করে তাঁদের মুখোমুখি হবেন—তা ভেবে পাচ্ছেন না সারদা।

প্রভার স্বামী অরুণ কুমার তাঁদের নয় বছরের মেয়েকে নিয়ে গতকাল রোববার সিডনি পৌঁছেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে এক বার্তায় বলেন, সিডনিতে ভারতের কনস্যুলেটের সঙ্গে হত্যাকাণ্ড নিয়ে তিনি যোগাযোগ রাখছেন। কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

২০১০ সালে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের ওপর ধারাবাহিক হামলা হয়েছে। মেলবোর্নে পাঞ্জাব থেকে আসা ২১ বছরের প্রবাসী যুবক নিতিন গার্গকে ছুরিকাঘাত করা হয়। এরপর অস্ট্রেলিয়ায় ভারতীয়দের ভ্রমণ কিছুটা কমে যায়। গত বছর অস্ট্রেলিয়া সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।