‘ওসামার পরিবারের সদস্যদের ব্যাপারে সন্দেহ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের স্ত্রী ও সন্তানদের ব্যাপারে কোনো সন্দেহ নেই সৌদি আরবের। দেশটির একজন সরকারি কর্মকর্তা গত শনিবার এ মন্তব্য করেন।ওসামার পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের ব্যাপারে দেশটির সরকারের নীরবতা ভেঙে ওই কর্মকর্তা বলেন, ওসামার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত অপরাধমূলক বা অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি। তাই মানবিক কারণে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে।ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানায়, ওসামার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তার জন্য সৌদি সরকারকে অনুরোধ করেছিল সে দেশে অবস্থানরত বিন লাদেন পরিবারের সদস্যরা। তাঁদের পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা অনুচিত।পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন একটি আস্তানায় গত বছরের মে মাসে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ওসামা বিন লাদেন। এরপর ওসামার স্ত্রী ও সন্তানদের আটক করে রেখেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। পাকিস্তানে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের দায়ে দেশটির একটি আদালত ওসামার তিন স্ত্রী ও দুই মেয়েকে ৪৫ দিনের কারাদণ্ড দেন। ওই সাজার মেয়াদ শেষ হলে তাঁদের সবাইকে গত শুক্রবার সৌদি আরবে পাঠানো হয়। এএফপি।