'ওয়েন্টওয়ার্থ উডহাউস' বিক্রি হলো কোটি ডলারে
ব্রিটেনের রানির বাসভবন বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড় বাড়ি ঐতিহাসিক ‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ বিক্রি হয়েছে এক কোটি ২০ লাখ ডলারে। হংকং ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে।
আজ রোববার বিবিসি বাংলা সংস্করণের এক খবরে জানানো হয়েছে, এটি ব্রিটেনের সবচেয়ে বড় বাড়ি।
দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের কাছে খুবই জীর্ণ অবস্থায় রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন এই বাড়িটি। লেক হাউস গ্রুপ সংস্কার করে এটিকে সংরক্ষণ করতে চায়। তবে এ জন্য তাদের আরও ছয় কোটি ডলার খরচ করতে হবে।
বিবিসির খবরে আরও জানানো হয়, ১৭২৫ সালে প্রায় ৬০ একর জায়গার ওপর ‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ নামে ওই বাড়িটি বানানো হয়। এতে তিন শ এর বেশি কক্ষ রয়েছে। বাড়িটির সামনে প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের একটি হল রুম রয়েছে।
স্থানীয় তিনটি অভিজাত পরিবার বাড়িটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৯৯ সালে ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি বাড়িটি কিনে নেন। চলতি বছরের এপ্রিলে তিনি মারা যান। এরপর অনিচ্ছা সত্ত্বেও তাঁর পরিবার এটি বিক্রি করে দেন।