‘কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে সন্ন্যাস নেয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জাতীয় কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা এই রাজ্য থেকে কংগ্রেসকে ধুয়েমুছে দিতে চায়, তারাই একদিন ধুয়েমুছে যাবে। কারণ, কংগ্রেস ১২৬ বছরের পুরোনো দল। দীর্ঘ ইতিহাসের সাক্ষী। বক্তারা বলেন, ‘যাঁরা ভাবছেন কংগ্রেস এই রাজ্য থেকে উঠে যাচ্ছে, তাঁরা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস সন্ন্যাস নেয়নি, আরও শক্তিশালী হচ্ছে।’ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রস্তাবিত আমলাতান্ত্রিক পঞ্চায়েত-ব্যবস্থা চালু করার বিরুদ্ধেই গতকাল রোববার সকালে কংগ্রেসের এই পঞ্চায়েতি রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ প্রমুখ। সমাবেশে জয়রাম রমেশ বলেন, কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে ভিআরএস বা সন্ন্যাস নেয়নি। কংগ্রেস সর্বভারতীয় দল। প্রতিটি গ্রামে রয়েছে কংগ্রেসের কর্মী। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য চাই শক্তিশালী পঞ্চায়েত-ব্যবস্থা। প্রণব মুখোপাধ্যায় বলেন, সরকারি আধিকারিক দিয়ে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য চাই পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতা। পঞ্চায়েত ছাড়া কেবল সরকারি আধিকারিক দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই গণতন্ত্র মজবুত করার লক্ষ্যে পঞ্চায়েত-ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।