'করাচি অ্যাফেয়ার'-এ ভূমিকার কথা স্বীকার মার্কিন পরামর্শকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন এক রাজনৈতিক পরামর্শক পাকিস্তানের কাছে ফ্রান্সের ডুবোজাহাজ বিক্রিতে মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তাদের কাছে পল মানাফোর্ট নামের ওই পরামর্শক বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী এদুয়ার্দ বালাদুরের পক্ষে প্রচারণার পরামর্শক হিসেবে তিনি ওই অর্থ নিয়েছিলেন। ফ্রান্সের ডেইলি লিবারেশন পত্রিকায় গত শনিবার এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, পরামর্শক পল মানাফোর্ট তদন্ত কর্মকর্তাদের কাছে ১৯৯৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বালাদুরের প্রচারণা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন। সে নির্বাচনে বালাদুর হেরে যান। পল মানাফোর্ট ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষেও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
ফ্রান্সের তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, পাকিস্তানের কাছে ফ্রান্সের ডুবোজাহাজ বিক্রির ঘটনায় আর্থিক দুর্নীতি হয়েছিল। ওই দুর্নীতির টাকা বালাদুরের নির্বাচনী প্রচারণায়ও ব্যয় হয়েছে যা ‘করাচি অ্যাফেয়ার’ কেলেঙ্কারি নামে পরিচিত হয়েছিল। ওই সময় মন্ত্রিসভার সদস্য এবং তৎকালীন প্রধানমন্ত্রী বালাদুরের মুখপাত্র সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ‘করাচি অ্যাফেয়ার’-এ জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
ডেইলি লিবারেশন-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে জিজ্ঞাসাবাদে টাকা গ্রহণের কথা স্বীকার করেন পরামর্শক মানাফোর্ট। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ফ্রান্সের অস্ত্র বিক্রয় চুক্তির শেষ মুহুর্তে দুজন মধ্যস্থতাকারীর একজন আবদুল রহমান আল আছির তাঁকে টাকা তুলে দেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, মানাফোর্টের জনসংযোগ কোম্পানি অথবা তাঁর সহযোগীরা ১৯৯৪ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৫ সালের আগস্টের মধ্যে অন্তত দুই লাখ ডলার গ্রহণ করেন। এএফপি।