'কর্তৃত্ববাদ ও সন্ত্রাসে বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃত্ববাদী শাসন ও সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৫-তে এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের কর্তৃত্ববাদী শাসকেরা তাদের জনগণকে দমন করছেন। ক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে—এমন সব কর্মকাণ্ড তারা প্রবল ও আক্রোশপূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিশ্বে সুশীল সমাজের ওপর কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রের খড়্গ গভীরতর হয়েছে। স্বাধীন কণ্ঠ স্তব্ধ করা হচ্ছে। রাজনৈতিক বিতর্ক চুপসে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ পরিবর্তনের ক্ষেত্র রুদ্ধ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তির এই যুগে সুশীল সমাজকে দমন করতে নিত্য-নতুন তৎপরতা চালাচ্ছে কর্তৃত্ববাদী সরকারগুলো।

প্রতিবেদনে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা, ইরান, সুদান, মালয়েশিয়া, তুরস্ক, মিসর, কেনিয়া, কম্বোডিয়া, উগান্ডা, বলিভিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইকুয়েডর প্রভৃতি দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করা হয়েছে।

২০১৫ সালে মধ্যপ্রাচ্যে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের প্রসঙ্গও এসেছে। এতে বলা হয়, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা। নিরাপত্তাবাহিনীর আইনের অপপ্রয়োগ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা, ব্লগার হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন প্রসঙ্গ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বর্বরতা ও নৃশংসতার কড়া সমালোচনা করা হয়েছে।