'কলম্বিয়ায় শেষ হতে যাচ্ছে ফার্ক গেরিলাদের যুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় প্রায় পাঁচ দশক ধরে চলা ফার্ক গেরিলাদের যুদ্ধ শেষ হতে যাচ্ছে। গেরিলাদের প্রধান সমঝোতাকারী ইভান মার্কেজ গতকাল মঙ্গলবার কিউবায় শান্তি আলোচনায় এ আভাস দিয়েছেন।
সরকার আশা করছে, ফার্ক গেরিলাদের সঙ্গে নভেম্বরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
তাড়াহুড়া না করার ব্যাপারে সতর্ক করে দিয়ে মার্কেজ বলেছেন, ‘নভেম্বরের মধ্যে সমঝোতা চুক্তি করা সম্ভব। তবে শান্তি প্রতিষ্ঠায় সময় লাগে। আমাদের মনে রাখতে হবে, বাজে শান্তিচুক্তি যুদ্ধের চেয়েও ভয়ংকর।’ কলম্বিয়ার আরএসএন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ফার্কের পুরো নাম রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া। দেশের সবচেয়ে বড় এই গেরিলা গোষ্ঠীর সঙ্গে সরকারের সরাসরি বৈঠক গত বছরের নভেম্বরে প্রথম শুরু হয়। সরকারপক্ষের প্রধান সমঝোতাকারী হামবের্তো ডি লা চালে বলেন, গেরিলাদের অস্ত্রবিরতিতে সম্মত করা ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশে শান্তি আলোচনা চলছে। ইতিমধ্যে ভূমি সংস্কারের বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও পাঁচটি বিষয়ে চুক্তির ব্যাপারে আলোচনা অব্যাহত আছে। বিবিসি।