'কাবুল-ওয়াশিংটন চুক্তির পরিণাম হবে ভয়াবহ'
তালেবান নেতা মোল্লা ওমর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখতে ওয়াশিংটন ও কাবুলের মধ্যে চুক্তির পরিণাম ভয়াবহ হবে।
২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তানে ন্যাটোর মিশন শেষ হতে যাচ্ছে। ওই সময় ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ৮৭ হাজার সৈন্য প্রত্যাহার করার কথা। মিশন শেষ হওয়ার পরও সেখানে মার্কিন সৈন্য অবস্থান করার ব্যাপারে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি করতে দেশ দুটির মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে মোল্লা ওমর গত রোববার এ হুঁশিয়ারি দেন।
তালেবানের একটি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মোল্লা ওমর বলেন, ‘হামলাকারী ও তাদের মিত্রদের বোঝা উচিত, কৌশলগত চুক্তির পরিণাম তাদের নিজেদের জন্যই ভয়াবহ হয়ে দেখা দেবে। আফগানিস্তানের মাটিতে মার্কিন ঘাঁটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ আরও জোরদার করা হবে।’
ওয়াশিংটন ও কাবুলের মধ্যে চুক্তি অনুযায়ী, ন্যাটোর সৈন্যদের প্রত্যাহারের পর আফগান সৈন্যদের সহায়ক বাহিনী হিসেবে মার্কিন সামরিক বাহিনীর একটি অংশ আফগানিস্তানে থাকবে। এএফপি।