‘কাবুলের ঘটনার সঙ্গে মুম্বাই হামলার মিল রয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শুক্রবারের হামলার সঙ্গে ভারতে ২৬/১১-এর মুম্বাই হামলার ঘটনার মিল রয়েছে। কাবুলের দুটি হোটেল লক্ষ্য করে চালানো ওই হামলায় অংশ নিয়েছিল ছয় থেকে আটজন সন্ত্রাসী। হামলার সময় সন্ত্রাসীরা ভারতীয়দের খুঁজে খুঁজে তাদের হত্যা করে। ওই ঘটনার তদন্তকারীরা গতকাল রোববার এ কথা বলেন।কাবুলের ঘটনার তদন্তকারীরা সন্দেহ করছেন, ওই হামলায় তালেবানের সংশ্লিষ্টতা ছিল। বিশেষ করে তালেবান সমর্থিত লস্কর-ই-তাইয়েবার অঙ্গসংগঠন হাক্কানি গ্রুপ এতে জড়িত ছিল। ওই ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই ভারতের নাগরিক। ওই দিন সন্ত্রাসীরা প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায় এবং এরপর বিদেশিদের খুঁজতে থাকে, বিশেষ করে ভারতীয় চিকিত্সক দলকে। ঠিক একইভাবে ২৬/১১-এর মুম্বাই হামলার সময়ও সন্ত্রাসীরা খুঁজে খুঁজে বিদেশিদের হত্যা করেছিল। সূত্র জানায়, কাবুলের পার্ক রেসিডেন্স হোটেল এবং এর কাছের নূর গেস্টহাউসে ওই দিন ভোর সাড়ে ছয়টার দিকে সন্ত্রাসীরা এ হামলা চালায়। কাবুলে গেলে এ দুটি হোটেলেই সাধারণত ভারতীয়রা সাময়িকভাবে অবস্থান করে। হামলার সময় আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন সন্ত্রাসীও নিহত হয়। ভারত তার দেশের ছয় নাগরিকের লাশ গত শনিবার দেশে ফেরত এনেছে। একটি সামরিক বিমানে করে ওই ছয়জনের লাশ নিয়ে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়। এ সময় রাষ্ট্রপতি প্রতিভা পাতিল নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সকালে কারজাই ফোন করে সমবেদনা জানালে মনমোহন ওই প্রতিক্রিয়া জানান। এ সময় কারজাই তাঁকে ওই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এএফপি ও পিটিআই।