‘কাব্য’ ছেড়ে নতুন সুরে ওবামা
বক্তা হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার সুখ্যাতি বরাবরই। গত নির্বাচনের প্রচারণায় সুনির্বাচিত প্রমিত শব্দবহুল ভাষণ দিয়ে ভোটারদের সম্মোহন করেছিলেন তিনি। অবশ্য সে সময় তাঁর কাব্যিক ও ছন্দময় বক্তব্যে প্রশংসার পাশাপাশি তাঁর ভাবগম্ভীর অধ্যাপকসুলভ বক্তব্যের সমালোচনাও কম হয়নি। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা বিষয়টি নিয়ে ২০০৮ সালের নির্বাচনকালে বিদ্রূপও করেছিল। তবে ওবামা এবারের নির্বাচনী প্রচার কার্যক্রমে তাঁর বক্তব্যের ধরনে বাস্তবমুখী পরিবর্তন এনেছেন। ওহাইও অঙ্গরাজ্যে গত শুক্রবার আয়োজিত নির্বাচনী জনসভায় ওবামার ভাষণটি ছিল তুলনামূলক সহজবোধ্য। ২০০৮ সালের নির্বাচনে দিনবদলের স্বপ্ন দেখাতে যে ওবামা দীর্ঘ ও কাব্যিক ভাষণ দিয়েছিলেন, তাঁকেই এখন বাহুল্য এড়িয়ে সংক্ষেপে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে এবার তাঁর বক্তব্যজুড়ে থাকছে বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগের পরিকল্পনা। এ ক্ষেত্রে ভাবগাম্ভীর্যপূর্ণ বা কাব্যিক বক্তব্য দেওয়ার সুযোগ খুবই সীমিত। তাই ওহাইওতে গুরুত্বপূর্ণ ভাষণে তিনি যুক্তরাষ্ট্রে পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন এবং তাঁর প্রথম মেয়াদকালে অর্জিত বিভিন্ন সাফল্যের বিবরণ তুলে ধরেন। ওবামা বলেন, তিনি ক্ষমতায় আসার আগে যুদ্ধ ও অর্থনৈতিক মন্দার প্রভাবে যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি ছিল, এখন তা যথেষ্ট পাল্টেছে। ব্যবসায়ীরা দেশে প্রায় ৫৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে সমর্থ হয়েছেন। আল-কায়েদা এখন আগের চেয়ে দুর্বল। ওসামা বিন-লাদেন মারা গেছেন।ওবামা প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান, হিস্পানিক ও উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। তবে এবার বিজয়ী হতে গেলে কর্মজীবী শ্বেতাঙ্গ নাগরিকদের মধ্যে তাঁর জনপ্রিয়তার পতন ঠেকাতে হবে। ওই ভোটারদের সমর্থন অর্জনে ওবামার বুদ্ধিজীবীসুলভ বক্তব্য ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। বিষয়টি বুঝতে পেরেই তিনি এবার বক্তব্যের ধরন পাল্টেছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। এএফপি।