পাকিস্তানের কোনো রাজনৈতিক দল বা নেতার প্রতি ওয়াশিংটনের আনুকূল্য নেই। তাই যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে কিংবা নওয়াজ শরিফ বা ইমরান খানকে জয়ী হতে বাধা সৃষ্টির কোনোটিই করতে ইচ্ছুক নয়। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপকালে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এসব কথা জানান।পাকিস্তানের আগামী নির্বাচনে বন্ধুভাবাপন্ন সরকারকে ক্ষমতায় আনতে যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব রাখতে চায়—পাকিস্তানে সাধারণভাবে প্রচলিত এমন ধারণা ওই জ্যেষ্ঠ কর্মকর্তার মতো সমান উৎসাহে নাকচ করে দেন অপর কয়েকজন মার্কিন কর্মকর্তা।গত শনিবার পাকিস্তানি পত্রিকা ডন-এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলতি সপ্তাহে পাকিস্তানে তাঁর পরিকল্পিত সফর বাতিল করেছেন। পাকিস্তানে ১১ মের নির্বাচনে মার্কিন প্রভাব বিস্তারের অভিযোগ এড়াতেই তিনি এ সফর বাতিল করেন।আফগানিস্তানের রাজধানী কাবুলে এক অঘোষিত সফরে কেরি এসে পৌঁছার কয়েক ঘণ্টা পর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন, পররাষ্ট্রমন্ত্রী কেরি কাবুল থেকে ইসলামাবাদ যেতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি আর সেখানে যাননি। মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্প্রতি এক ব্রিফিংয়ে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ডও আক্ষেপ করে বলেন, ‘পাকিস্তান বিষয়ে মার্কিন নীতি নিয়ে দেশটির জনগণ ইতিবাচক তথ্য পাচ্ছে না। এ বার্তা তাঁদের কাছে পৌঁছে দিতে তিনি মার্কিন কর্মকর্তাদের আরও কঠোর পরিশ্রম করে যাওয়ার ওপর গুরুত্ব দেন।নুল্যান্ড বলেন, নির্বাচনের এ সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানিদের কাছে এ বার্তা পৌঁছে দিতে চায়, ‘পাকিস্তানের কোনো রাজনীতিবিদের প্রতি আমাদের আনুকূল্য নেই। ১১ মের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, আমরা তার সঙ্গে কাজ করে যেতে আগ্রহী।’ ডন।