‘কারজাইয়ের সরকার নারীর স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে’
নারীর অধিকার নিয়ে ব্যাপক তোপের মুখে পড়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার। তালেবানকে সন্তুষ্ট করতে সরকার নারীর স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসে এ অভিযোগ তোলা হয়েছে।আফগান পার্লামেন্টের সদস্য, মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকেরা বলছেন, নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আখ্যা দেওয়া একটি ফরমানে সই করে প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০০১ সালে তালেবানের পতনের পর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে যে নারী অধিকার অর্জিত হয়েছে, তা হুমকির মুখে ফেলে দিয়েছেন।দি আফগানিস্তান হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অর্গানাইজেশন অভিযোগ তুলেছে, সরকার একই সঙ্গে বিদেশি সহায়তা অব্যাহতভাবে পাওয়া এবং ‘রক্ষণশীল আফগান সমাজকে খুশি রাখার’ চেষ্টা করছে। সংগঠনটি বলেছে, ‘বস্তুতপক্ষে যেসব উগ্রপন্থী ব্যক্তি প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করছেন, বিশেষ করে দেশের বিচারব্যবস্থার পাশাপাশি আফগান উলেমা কাউন্সিলে রয়েছেন, তাঁরা আন্তর্জাতিক সমপ্রদায়কে গুরুত্বহীন করে ফেলেছেন।’আফগানিস্তানের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ উলেমা কাউন্সিল গত শুক্রবার একটি বাধ্যবাধকতাহীন ফরমান জারি করে। তাতে বলা হয়, নারীরা পুরুষের চেয়ে কম গুরুত্বপূর্ণ। ফরমানটি কারজাইয়ের দপ্তর থেকে প্রকাশিত একটি বিবৃতি এবং প্রেসিডেন্ট গত মঙ্গলবার তাতে স্বাক্ষর করেছেন।ফরমানে বলা হয়েছে, ‘পুরুষেরা মুখ্য আর নারীরা গৌণ।’ এতে আরও বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারঘাট, বিভিন্ন দপ্তর বা এ ধরনের জায়গায় অচেনা পুরুষের সঙ্গে ওঠাবসা’ নারীদের এড়িয়ে চলা উচিত।ফরমানে আরও বলা হয়েছে, নারীরা ইসলামি রীতি অনুযায়ী পূর্ণাঙ্গ হিজাব পরবে, পুরুষের বহুবিবাহের অধিকারের প্রতি সম্মান দেখাবে এবং বিবাহবিচ্ছেদের ব্যাপারে শরিয়া আইন মেনে চলবে।এসবকেই নারী স্বাধীনতার প্রতি বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।ফরমানে আরও বলা হয়েছে, শরিয়াভিত্তিক কারণ ছাড়া নারীদের উত্ত্যক্ত, হয়রানি ও শারীরিক নির্যাতন করা নিষিদ্ধ। এর মানে সেখানে কিছুটা ফাঁকফোকর রাখা হয়েছে। এএফপি।