ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গল মহল সফর ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাওবাদী প্রভাবিত ওই এলাকায়। আজ শনিবার জঙ্গল মহলের পশ্চিম মেদিনীপুর অংশের ঝাড়গ্রামে এক জনসভায় মমতার ভাষণ দেওয়ার কথা। এর প্রতিবাদে ওই এলাকায় আজ ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা। মমতার সফর উপলক্ষে জঙ্গল মহলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানার সুরডিহা রেলস্টেশনের কাছ থেকে একটি ধাতব ক্যান ও পোস্টার উদ্ধার করে পুলিশ। প্রথমে তারা সন্দেহ করেছিল, মাওবাদীরা ওই ক্যান রেখে গেছে এবং এর ভেতরে বোমা বা বিস্ফোরকদ্রব্য লুকানো আছে। পরে দেখা যায় ক্যানটি ক্ষতিকর কিছু নয়।পোস্টারে মাওবাদীরা মমতার জনসভায় যোগ না দিতে জঙ্গল মহলের বাসিন্দাদের হুঁশিয়ার করেছে। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী মদন মিত্র, কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় ও সাংসদ শুভেন্দু অধিকারীকেও হুঁশিয়ার করা হয়েছে।মাওবাদীদের সমর্থনে গঠিত পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি ও নারী ইজ্জত বাঁচাও কমিটি মমতার জনসভা বর্জন করার ঘোষণা দিয়েছে। নির্বাচনের আগে পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাত ও তাঁর সহযোগীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন মমতা। ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় আসতে পারলে জঙ্গল মহল থেকে সরিয়ে নেবেন যৌথ বাহিনী। ওই সময় মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেও চেয়েছিল মাওবাদীরা। তারা এখন মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আকাশ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘যৌথ বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করতে হবে। আমরা শান্তি আলোচনার জন্য যৌথ বাহিনী ও আমাদের অস্ত্র সংবরণের প্রস্তাব দিলেও মমতা এতে সাড়া দেননি। আমরা চাই যৌথ বাহিনীর অবস্থান নিয়ে মমতা তাঁর অবস্থান স্পষ্ট করুন।’ আকাশ বলেন, ‘অস্ত্র সংবরণ প্রস্তাব দেওয়ার পর ১৫ দিন কেটে গেলেও মমতা শান্তি আলোচনা নিয়ে চুপ থেকেছেন। অন্যদিকে যৌথ বাহিনীর অভিযান বাড়িয়েছেন। তিনি বলেন, আলোচনা হোক বা না হোক, শাসকশ্রেণীর নিপীড়নের বিরুদ্ধে আমাদের গণ-আন্দোলন চলবেই।’ ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতার কাছে একটি খোলা চিঠি দিয়ে কলকাতার ২৫ জন বুদ্ধিজীবী মমতার অঙ্গীকারমতো জঙ্গল মহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার ও বন্দীদের মুক্তি দাবি করেছেন।