‘কাসাবকে পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান হাস্যকর’
ভারতের মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল বলেছেন, মুম্বাই হামলায় একমাত্র জীবিত জঙ্গি মহম্মদ আজমল কাসাব ও ভারতীয় নাগরিক ফাহিম আনসারিকে বিচারের জন্য পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান অযৌক্তিকই নয়, হাস্যকরও বটে। পাকিস্তানের বরং উচিত, যারা মুম্বাইয়ের জঙ্গি হামলায় জড়িত ছিল তাদের ভারতে পাঠানোর বন্দোবস্ত করা। ইতিমধ্যে কাসাব মুম্বাই হামলায় জড়িত ৩৫ পাকিস্তানি সম্পর্কে তথ্য দিয়েছেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত শনিবার কাসাবকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টা ধরে মুম্বাইয়ে হামলা চালিয়েছিল ১০ জন পাকিস্তানি জঙ্গি। সেদিন ১৭ জন পুলিশসহ মোট ১৬৬ জন মারা যান। আহত হন ৭০০ জনেরও বেশি। ১০ জন জঙ্গির মধ্যে নয়জন নিরাপত্তারক্ষীর গুলিতে মারা গেলেও মহম্মদ আজমল কাসাব পুলিশের হাতে ধরা পড়েন। পাকিস্তানের দিপালপুর তালুকার বাসিন্দা কাসাবকে এখন ফিরে পেতে পাকিস্তানের সরকার মরিয়া। সেই সঙ্গে জঙ্গিদের হামলার ছক যিনি মানচিত্র এঁকে বুঝিয়ে দিয়েছিলেন, সেই ভারতীয় নাগরিককেও বিচারের জন্য পাকিস্তানের সরকার নিয়ে যেতে চায়।