‘কিউবার জন্য বড় হুমকি দুর্নীতি’
দুর্নীতি কিউবার জন্য সবচেয়ে বড় হুমকি। সে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী এস্তেবান মোরালেস এ মন্তব্য করেছেন। তাঁর লেখা একটি মন্তব্য প্রতিবেদন গত বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে মোরালেস বলেন, কিউবার সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকর্তার কেউ কেউ ১৯৫০ সালে চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রোর পাশে বিপ্লব করেছেন। তাঁদেরই কেউ কেউ সরকারি সম্পদ বেসরকারি খাতে হস্তান্তরের পাঁয়তারা করছেন।প্রতিবেদনটিতে বলা হয়, সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে মতদ্বৈধতা রয়েছে এটা সত্যি। একদল কর্মকর্তা দেশটির রাজনৈতিক ধারাকে বিভক্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্নীতি। বিপ্লবের এত বছর পর এই দুর্নীতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে তা মতবিরোধকে ছাপিয়ে গেছে, যা দেশটির ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি। কারণ দুর্নীতি বিপ্লবী চেতনার বিনাশ করে। সরকারের কতিপয় স্বার্থান্বেষী কর্মকর্তা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ন্যাশনাল আর্টিস্টস অ্যান্ড রাইটার্স ইউনিয়ন অব কিউবার ওয়েবসাইটে মোরালেসের এই প্রতিবেদন প্রকাশ করা হয়।আর্টিস্টস ইউনিয়নের সদস্যরা মাঝেমধ্যে দেশটির সরকারের মৃদু সমালোচনা করে থাকেন। সরকারের সমালোচনা করা হয় সে দেশের সরকারি পত্রিকায়ও। কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার এমন কড়া সমালোচনা এই প্রথম।মোরালেস একজন ঐতিহাসিক। কিউবার গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী তিনি। গত সোমবার সরকারি টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে তিনি সরকারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান তুলে ধরেন। মোরালেস তাঁর মন্তব্য প্রতিবেদনে দেশটির দুর্নীতির জন্য ফিদেল কিংবা রাউল কাস্ত্রোকে দায়ী করেননি। তিনি বলেন, দুর্নীতির মূলে রয়েছে দীর্ঘসূত্রী গলদ। এর ফলে গত ৫১ বছরে ধীরে ধীরে আজকের চেহারা ধারণ করেছে। তিনি বলেন, কিছু সরকারি কর্মকর্তা কিউবার সম্পদ গ্রাস করার মতলবে রয়েছেন। তথ্য-প্রমাণ সাক্ষ্য দেয়, সরকারেই এমন কিছু লোক রয়েছেন, যাঁরা বিপ্লব ব্যর্থ হলে রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন। অন্য একটি দল মুখিয়ে আছে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি খাতে হস্তান্তরের জন্য। সাবেক সোভিয়েত ইউনিয়ন পতনের সময় যেমনটি ঘটেছিল। এপি।