মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বীকার করেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নজরদারি করা ঠিক হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দপ্তরে নজরদারি বন্ধ করতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রতি নির্দেশ দিয়েছেন।
জন কেরি বলেন, ‘আমি স্বীকার করছি, কিছু কিছু ক্ষেত্রে নজরদারির বিষয়টি অনেক দূর পর্যন্ত গেছে— বাড়াবাড়ি হয়েছে। তাই এটা নিশ্চিত করতে চাইছি, ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
বিশ্বজুড়ে মার্কিন নজরদারির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষপর্যায়ের কোনো নেতা নজিরবিহীনভাবে নজরদারির বিষয়টি স্বীকার করলেন। গত বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়ে কেরি এই ভুল স্বীকার করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, নির্দোষ মানুষ নজরদারি প্রক্রিয়ার আওতায় পড়বে না। তবে তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট নজরদারির বিষয়ে ব্যাখ্যা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সামনে বিষয়টি স্পষ্টভাবেই তুলে ধরতে চান তিনি। এ কারণেই তথ্য সংগ্রহের প্রক্রিয়া পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।’
ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যের বেশির ভাগ সময়ই কেরি নজরদারির পক্ষে সাফাই গেয়েছেন। এ ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করেন তিনি।
এদিকে সংশ্লিষ্ট একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ওবামা আইএমএফ ও বিশ্বব্যাংকের সদর দপ্তরে নজরদারি বন্ধের জন্য এনএসএকে নির্দেশ দিয়েছেন। যদিও এ দুটি সংস্থায় নজরদারির খবর প্রকাশ পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ ও বিশ্বব্যাংকের কার্যালয় এনএসএর নজরদারির লক্ষ্যবস্তু নয়। তবে এনএসএ অতীতে কখনো ওই দুই সংস্থার ওপর নজরদারি করেছে কি না, কর্মকর্তা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি।
আইএমএফ বা বিশ্বব্যাংক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এনএসএর দপ্তর থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
‘মিত্রদের আস্থা ফিরিয়ে আনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে’: মিত্র দেশগুলোর নেতাদের ওপর নজরদারি করে যুক্তরাষ্ট্র যে আস্থার সংকট সৃষ্টি করেছে, তা পুনরুদ্ধার করা ওয়াশিংটনের জন্য কঠিন হবে বলে মনে করছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা থেকে শুরু করে ফ্রান্স ও স্পেনে কোটি কোটি ফোন কলে আড়ি পাতার ঘটনায় পুরো ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ। এমন এক অবস্থায় রুশ প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন।
গত বৃহস্পতিবার বার্তা সংস্থাকে এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘এটা সুখকর কোনো বিষয় নয়, যখন আপনি মিত্রদের ওপর গোয়েন্দাগিরি করবেন...তাই নেতারা ক্ষুব্ধ। আমি তাঁদের বিষয়টি উপলব্ধি করতে পারছি।’ এএফপি ও রয়টার্স।