‘কেজিবি আমাকে নিয়োগ দিতে চেয়েছিল’
‘কেজিবি আমাকে নিতে চেয়েছিল, কিন্তু পরীক্ষায় আমি উতরাতে পারিনি।’ গত রোববার রাশিয়ায় সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মস্কো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কৌতুকের ছলে এ কথা বলেন। গত সোমবার যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেন, নিয়োগ পেলে রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির একজন ভালো এজেন্ট হতেন ক্যামেরন।মস্কো বিশ্ববিদ্যালয়ে ক্যামেরন বলেন, ‘আমি রাশিয়ায় প্রথম আসি ১৯৮৫ সালে। স্কুল পার হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মাঝখানে যে অবসর, ওই সময় কৃষ্ণসাগর উপকূলে বেড়াতে এসেছিলাম।’ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ওই সময় দুজন রুশ নাগরিকের সঙ্গে কথা হয়। তাঁরা বিশুদ্ধ ইংরেজিতে কথা বলেন। আমাকে দুপুর ও রাতের খাবার খাওয়ান তাঁরা। ইংল্যান্ডে আমার জীবন ও ইংল্যান্ড নিয়ে আমার চিন্তাভাবনার ব্যাপারে খোঁজখবর নেন।’ক্যামেরন বলেন, ওই সময় তিনি বুঝতে পারেননি যে তাঁর সাক্ষা ৎ কার নেওয়া হচ্ছে। পরে দেশে ফিরে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এ ঘটনার কথা জানান, তিনি বলেন যে এটি চাকরির ব্যাপারে সাক্ষা ৎ কার হতে পারে। আর তা যদি হয়ে থাকে, তাহলে এই চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।এ কথা শুনে রুশ প্রেসিডেন্ট বলেন, ক্যামেরন কেজিবির খুব ভালো এজেন্ট হতে পারতেন, তবে সে ক্ষেত্রে কখনো তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকত না। পিটিআই।