'ক্রীতদাসের' কারখানা থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পুলিশ গতকাল সোমবার দেশটির একটি কারখানা থেকে পূর্ব ইউরোপের ২০ জন অভিবাসী শ্রমিককে মুক্ত করেছে। কারখানাটিতে এই শ্রমিকদের ক্রীতদাসের মতো ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। 
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, শ্রমিকদের ‘ক্রীতদাসের’ মতো খাটানোর ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কারখানাটি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থিত। বড় বড় কোম্পানির জন্য কারখানাটিতে ছবি ও ফ্রেম তৈরি করা হতো। কাজের মাধ্যমে কারখানার মালিক লাখ লাখ পাউন্ড কামাই করেন।
অভিযান চালিয়ে মুক্ত করা নারী ও পুরুষ অভিবাসীরা পুলিশকে জানিয়েছেন, সপ্তাহে ৮০ ঘণ্টারও বেশি কাজ করতে তাঁদের বাধ্য করা হতো। অমানুষিক পরিশ্রম করেও তাঁরা মাত্র ২৫ পাউন্ড পেতেন। তাঁদের শারীরিক নির্যাতন ও গালমন্দ করা হতো।
উদ্ধার হওয়া অভিবাসী শ্রমিকেরা জানান, একটি ঘরে ঠাসাঠাসি করে তাঁদের রাখা হয়েছিল। সেখানকার পরিবেশ ছিল ভয়াবহ। দিনে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের দিয়ে কাজ করানো হতো। সপ্তাহে ৮০ ঘণ্টার বেশি কাজ করার জন্য তাঁদের ১২৫ পাউন্ড করে দেওয়া হতো। কিন্তু থাকা ও কর্মক্ষেত্রে যাতায়াত বাবদ তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০০ পাউন্ড করে কেটে রাখতেন মালিক।
শ্রমিকদের সঙ্গে ‘ক্রীতদাসের’ মতো আচরণ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের গোয়েন্দা পরিদর্শক জেমস ফকনার বলেন, যুক্তরাজ্যে কীভাবে আধুনিক দাসত্ব চলে, এই ঘটনা তার একটা দৃষ্টান্ত।