'ক্লিনটন আমার কাছ থেকে সুযোগ নিয়েছিলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিকা লিউনস্কি
মনিকা লিউনস্কি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন পর আবার মুখ খুললেন হোয়াইট হাউসের সাবেক শিক্ষানিবশ কর্মী মনিকা লিউনস্কি৷ বলেছেন, ‘প্রেসিডেন্ট থাকাকালে আমার কাছ থেকে সুযোগ নিয়েছিলেন ক্লিনটন৷’
মনিকা আরও বলেন, ক্লিনটন ও তাঁর সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছিল৷ এর যদি কোনো অপব্যবহার হয়ে থাকে, সেিট হয়েছিল পরে৷ তখন ক্লিনটনের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাঁর (মনিকা) সুনামহানি করতে চেয়েছিলেন৷ ক্লিনটনকে বাঁচাতে তাঁকে বলির পঁাঠা বানানো হয়েছিল৷ বিরোধীরাও তাঁকে (মনিকা) রাজনৈতিক ‘দাবার ঘুঁটি’ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল৷
বর্তমানে ৪০ বছর বয়সী মনিকা ভ্যানিটি ফেয়ার সাময়িকীর জন্য নিজের জীবন নিয়ে লিখছেন৷ আজ বৃহস্পতিবার প্রকাশিতব্য চার হাজার ৩০০ শব্দের লেখাটির অংশবিশেষ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷ এতে মনিকা জানান, ইন্টারনেটের যুগে তিনিই প্রথম বলির পাঁঠা হয়েছিলেন৷
মনিকা এমন একসময়ে ক্লিনটনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন, যখন ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন৷
১৯৯৫ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার সময় মনিকার বয়স ছিল ২২ বছর৷ লিউনস্কি লিখেছেন, ওই সম্পর্কের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত৷ মনিকা ওই বিতর্কিত সম্পর্কের ব্যাপারে এই প্রথম মন্তব্য করলেন, তা নয়৷ তিনি ১৯৯৯ সালে বারবারা ওয়াল্টার্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন৷ এপি৷