'ক্ষেপণাস্ত্রের উপযোগী পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী ছোট আকৃতির পারমাণবিক বোমা এ মুহূর্তে উত্তর কোরিয়ার নেই বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা এসব কথা বলেন।

ওই মার্কিন কর্মকর্তার এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের একটি সাম্প্রতিক সামরিক গোয়েন্দা প্রতিবেদনের ঠিক উল্টো। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়া পারমাণবিক বোমাযুক্ত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে নাম-পরিচয় প্রকাশ না করা ওই মার্কিন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সংযোজনের জন্য যথেষ্ট ছোট আকৃতির বোমা তৈরি করতে সক্ষমতা অর্জন করেনি বলেই তিনি মনে করেন। এ ছাড়া এটি ক্ষেপণাস্ত্রে সংযোজন, উেক্ষপণ ও লক্ষ্যভেদের ক্ষেত্রেও তারা সফলতা পায়নি। তাই তাঁর মতে, দেশটির হাতে পুরোপুরি পারমাণবিক যুদ্ধাস্ত্রসংবলিত ক্ষেপণাস্ত্র নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা সংযোজনের প্রযুক্তি অর্জন করেছে। এএফপি।