‘খালিদ শেখের ছবি বিকৃত করা হয়েছে’
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার আত্মস্বীকৃত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের একটি ছবি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টোড ব্রিসিল একটি ই-মেইল বার্তায় জানান, ইন্টারনেটে সম্প্রতি প্রকাশিত খালিদ শেখের কয়েকটি ছবিতে ‘দুর্বল কারসাজি’ হয়েছে। রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সংগ্রহ করা ছবি নিয়ে এই কাজ করা হয়েছে। পাকিস্তানি নাগরিক খালিদ শেখকে আলোচিত ওই ছবিতে খোলা একটি বই হাতে নিয়ে হাসতে দেখা যায়। তাঁর গালভর্তি ঘন দাড়ি। আল-এবদাদা ওয়েবসাইট ছবিটি প্রকাশ করে। তবে ছবিটি আসল কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া, কীভাবে ছবিটি কিউবার গুয়ানতানামো বে নামক মার্কিন সামরিক ঘাঁটি থেকে গোপনে বাইরে নিয়ে যাওয়া হলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গুয়ানতানামো বে থেকে বিনা অনুমতিতে কোনো ধরনের ছবি নেওয়ার ওপর মার্কিন কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানকার কারাগারে খালিদ শেখ ও তাঁর চার সহযোগীকে বন্দী রাখা হয়েছে। ২০০১ সালে নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলা চালানোর মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে হত্যার অভিযোগে ওই পাঁচজনের বিচার কার্যক্রম চলছে। এএফপি।