'খুদে বার্তা পাঠিয়ে মোবাইল হ্যাক করেন যুক্তরাজ্যের গোয়েন্দারা'
যুক্তরাজ্যের গোয়েন্দারা খুদে বার্তা বা এসএমএস পাঠিয়ে অন্যের মুঠোফোন হ্যাক করতে পারেন। হ্যাক করার পর মুঠোফোনের মালিকের অজান্তেই তাঁরা সেই ফোন দিয়ে অডিও রেকর্ড ও ছবি তোলার কাজ করতে পারেন।
যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সদস্য এডওয়ার্ড স্নোডেন গতকাল সোমবার বিবিসির একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন। এএফপির এক খবরে এ কথা বলা হয়েছে।
যুক্তরাজ্যের গোয়েন্দাদের প্রতি ইঙ্গিত করে স্নোডেন বলেন, ‘তাঁরা তোমাকে নয়, তোমার ফোনটি চায়।’ ব্রিটেইনস গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্সের (জিসিএইচকিউ) বরাত দিয়ে স্নোডেন এ কথা বলেন।
স্নোডেনের দাবি, জিসিএইচকিউ ‘স্মার্ফ স্যুইট’ নামে এক ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। ‘নোজি স্মার্ফ’ ব্যবহার করে মোবাইল বন্ধ থাকলেও গোয়েন্দারা স্মার্ট ফোনের মাইক্রোফোন চালু করে দিতে পারেন। জিসিএইচকিউ ব্যবহৃত অন্যান্য সফটওয়্যারগুলো হলো ‘ট্র্যাকার স্মার্ফ’ ও ‘ড্রিমি স্মাফ’। এগুলো ব্যবহার করে দূর থেকেও মোবাইল বন্ধ ও চালু করা যায় বলে দাবি করেছেন স্নোডেন।
স্নোডেন বলেন, মোবাইল হ্যাক করতে যে বার্তাটি কোনো মোবাইলে পাঠানো হয় সেটি মোবাইল ব্যবহারকারীর চোখে নাও পড়তে পারে। তিনি বলেন, ‘যখন বার্তাটি তোমার মোবাইলে আসছে তখন সেটি গোপন থাকে। তুমি নাও দেখতে পার। তুমি মোবাইলটির জন্য খরচ করে যাচ্ছ, কিন্তু মোবাইলটি ব্যবহার করছে অন্য কেউ।’
স্নোডেনের এই বক্তব্যের বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বলতে অপারগতা প্রকাশ করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।