‘খেমাররুজরা খারাপ লোক ছিল না’
কম্বোডিয়ার খেমাররুজরা ‘খারাপ লোক’ ছিল না। খেমাররুজদের মধ্যে বেঁচে থাকা সর্বোচ্চ পর্যায়ের নেতা নুওন চিয়া এ কথা বলেছেন। গতকাল সোমবার জাতিসংঘ-সমর্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে তিনি এ কথা বলেন।১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় বর্বর খেমাররুজদের শাসনামলে ‘ব্রাদার নম্বর টু’ ছিলেন নুওন চিয়া। তাঁকে খেমাররুজ আন্দোলনের আদর্শিক নেতা হিসেবে বিবেচনা করা হয়।খেমাররুজদের শাসনামলে কম্বোডিয়ায় হত্যা করা হয় ২০ লক্ষাধিক মানুষকে। ওই ঘটনায় যে তিনজনকে ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মধ্যে প্রথম নুওন চিয়া। অপর দুজন হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি ও সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সামপান। গতকাল শুনানির সময় নম পেনের আদালতে উপস্থিত ছিলেন শত শত মানুষ।৮৫ বছর বয়সী নুওন চিয়া বলেন, ‘আমি চাই না পরবর্তী প্রজন্ম ইতিহাসকে ভুল জানুক। আমি চাই না, তারা জানুক যে খেমাররুজরা খারাপ লোক ও অপরাধী ছিল। কেননা, এসব অভিযোগের কোনোটিই ঠিক নয়।’নুওন চিয়া জানান, তিনি ন্যায়বিচারের জন্য লড়তে চান। একই সঙ্গে ওই সময়ের ঘটনা এবং কম্বোডিয়াবাসীর দুরবস্থার জন্য ভিয়েতনামি আগ্রাসনকারীদের দায়ী করেন।নুওন চিয়াসহ অপর দুজনও তাঁদের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।কম্বোডিয়াকে একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে ‘ব্রাদার নম্বর ওয়ান’ পলপটের নেতৃত্বে খেমাররুজরা শহরগুলো থেকে মানুষজনকে বের করে দেয় এবং মুদ্রা ও ধর্ম বিলুপ্ত করে। এতে করে ক্ষুধা, অতিরিক্ত পরিশ্রম ও নির্যাতনে মারা যায় দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ। পলপট মারা যান ১৯৯৮ সালে।শুনানিতে নুওন চিয়া বলেন, ‘ভিয়েতনামিরাই কম্বোডিয়ানদের হত্যা করে।’ তবে তিনি ইতিহাসের ঠিক কোন পর্যায়ের কথা বলছেন, তা উল্লেখ করেননি।নুওন চিয়া বলেন, খেমাররুজরা ক্ষমতায় আসার আগে আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু দুর্বৃত্ত ও দস্যু। তারাই হত্যা-নির্যাতন চালায়। পরবর্তী সময়ে খেমাররুজরা ক্ষমতায় এসে তাদের গ্রেপ্তার ও সংশোধন করে। এএফপি।