‘গণতন্ত্রে হস্তক্ষেপের পাপের অধ্যায় শেষ হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছেন, দেশের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপের ‘পাপের অধ্যায়’ শেষ হয়েছে। গত শনিবার মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন। গত শনিবারই পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তার ক্ষমতার পুরো মেয়াদ পার করে। পরে ওই দিনই মধ্যরাতে স্বাভাবিকভাবেই দেশটির পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যায়।দেশটিতে এই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার তার পুরো মেয়াদ পার করল।সরকারের বিদায় উপলক্ষে প্রধানমন্ত্রী আশরাফ জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে তাঁর সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি।পার্লামেন্ট বিলুপ্ত হলেও দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনয়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এখনো মতৈক্যে পৌঁছাতে পারেনি। পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।সাবেক তথ্যমন্ত্রী ও পিপিপির মুখপাত্র কামার জামান কাইরা গতকাল ইসলামাবাদে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আমরা একটি মতৈক্যে পৌঁছার চেষ্টা করছি। বিরোধী দল যে নামগুলো প্রস্তাব করেছে, সেসব নামের ব্যাপারে আমাদের কিছু আপত্তি আছে। তবে আমরা এখনো বিরোধী দলের কথা শুনতে রাজি আছি।’এদিকে প্রধান বিরোধী দল নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) মুখপাত্র সিদ্দিকুল ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে পিপিপির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ঠিক করবেন।’পাকিস্তানের সংবিধান অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর বিষয়ে মতৈক্যে পৌঁছতে আজ (মঙ্গলবার) থেকে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এবং বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খানের হাতে আর তিন দিন সময় আছে। যদি এ বিষয়ে তাঁরা একটি মতৈক্যে পৌঁছাতে না পারেন, তাহলে বিষয়টি সদ্য বিলুপ্ত পার্লামেন্টের আট সদস্যবিশিষ্ট একটি সংসদীয় কমিটির হাতে ছেড়ে দেওয়া হবে। এতে সরকার ও বিরোধী দলের চারজন করে সদস্য থাকবেন। মে মাসে সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটির প্রশাসন পরিচালিত হবে।তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দায়িত্ব পালন করবেন।তালেবানের অব্যাহত সহিংসতা, সম্প্রদায়গত অস্থিরতা ইত্যাদি কারণে দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য গত শনিবারই দেশটির প্রধান বিরোধী দল পিএমএল (এন)-এর দুজন প্রার্থীর নাম প্রস্তাব করে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পিপিপি। এ সম্পর্কে পিপিপির মুখপাত্র কামার জামান কাইরা গণমাধ্যমকর্মীদের বলেন, পিপিপির আশঙ্কা পিএমএ(এন)-এর প্রস্তাবিত প্রার্থীরা নিরপেক্ষ হবেন না। প্রস্তাবিত প্রার্থীদের একজন হলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। কিন্তু জারদারির বিরুদ্ধে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে। যদিও পরে আদালত থেকে ওই মামলায় অব্যাহতি পান তিনি। এ জন্যই তাঁকে সমর্থন করা যায়নি। অন্য প্রার্থী হলেন রসুল বখশ বালেজো। তিনি পিপিপির বিরোধী জোটের একটি পার্টির প্রধান ছিলেন। এএফপি, রয়টার্স ও এপি।