চলন্ত বাসে ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে যে গণবিক্ষোভ হয়েছে তাকে ‘জেগে ওঠার ডাক’ বলে মন্তব্য করেছেন ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। একই সঙ্গে পুলিশকে খারাপ আচরণ পাল্টানোর পরামর্শ দিয়েছেন তিনি।গতকাল রোববার সিএনএন-আইবিএন টেলিভিশনের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের হয়রানির ভয়ে বিপদগ্রস্ত কারও সহযোগিতায় এগিয়ে আসতে চায় না জনগণ। এ ঘটনা আমাকে উদ্বিগ্ন করেছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যথিত, কারণ পুলিশের যতটা দায়িত্ববান হওয়ার কথা ছিল, পুলিশ তা দেখাচ্ছে না। পুলিশের এ আচরণ বদলানো উচিত। বিচারের পদ্ধতিও পাল্টাতে হবে। আমি জানি, তা আগামীকালই হওয়া সম্ভব নয়।’ গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে বাসে ওই ছাত্রীর গণধর্ষণের শিকার হওয়া, পরে সিঙ্গাপুরে তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশ ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল। তবে কোনো পুলিশ কমিশনারকে নিয়োগ দেওয়া কিংবা সরিয়ে নেওয়ার দায়িত্ব আমার নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি নিশ্চিত, মন্ত্রণালয় কিছু একটা করবে।’ দ্য হিন্দু।