‘গরিবের রানি’ মায়াবতী পরলেন কোটি রুপির মালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের দলিতনেত্রী মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বহুজন সমাজপার্টির ২৫তম প্রতিষ্ঠা দিবস ছিল গত সোমবার। ওই দিনই ছিল দলীয় প্রতিষ্ঠাতা কাশীরামের ৭৬তম জন্মদিনও। এ উপলক্ষে এদিন রাজধানী লক্ষ্নৌর রমাবাই আম্বেদকর ময়দানে আয়োজন করা হয় এলাহি এক অনুষ্ঠানের। সেখানেই গরিবের রানি তথা দলিতনেত্রী মায়াবতীকে পরানো হয় কোটি রুপির বিশাল একটি মালা। প্রথমে সবাই ভেবেছিল, মালাটি তৈরি হয়েছে বিদেশি ফুল দিয়ে। পরে জানা যায়, মালাটি তৈরি করা হয়েছে ভারতের এক হাজার রুপির নোট দিয়ে। মালা পরানোর পর মায়াবতী বলেন, এ রাজ্যের সর্বত্র প্রতিষ্ঠা করা হবে দলীয় নেতা কাশীরামের মূর্তি। আর তাঁর পাশে রাখা হবে তাঁর নিজের মূর্তিও। এসব মূর্তি বসানোর কথা উইলেও লিখে গেছেন স্বয়ং কাশীরাম। কংগ্রেস যদি তাদের নেতা গান্ধীজি বা জওহরলাল নেহরুর মূর্তি প্রতিষ্ঠা করতে পারে, তবে তারা কেন কাশীরাম এবং তাঁর নিজের মূর্তি বসাতে পারবে না? ইতিমধ্যে মায়াবতীর ওই কোটি রুপির মালা ও কোটি কোটি রুপি ব্যয়ে অনুষ্ঠান করা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এই মায়াবতী প্রতাপগড়ে মন্দিরে পদপিষ্ঠ হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সংকটে কোনো সাহায্য দেননি। সেই মায়াবতী কীভাবে কোটি রুপির মালা গলায় পরলেন?ভারতের পত্রপত্রিকায় গতকাল প্রথম পৃষ্ঠায় এ নিয়ে সমালোচনামূলক অনেক লেখালেখিও হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারি অর্থের এমন অপব্যবহারের তীব্র সমালোচনা করেছেন।