‘গার্সিয়া মার্কেজ স্মৃতিভ্রষ্ট নন’
নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বার্ধক্যজনিত স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না। মার্কেজের প্রতিষ্ঠিত নিউ জার্নালিজম ফাউন্ডেশনের পরিচালক জেইম আবেলো গত সোমবার এই দাবি করেছেন।খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে জেইম আবেলো লেখেন, ‘মার্কেজের ব্যক্তিগত বিষয় ও স্বাস্থ্যগত অবস্থা নিয়ে আমি বিতর্ক সৃষ্টি বা মন্তব্য করতে চাই না। তবে এটুকু জোর দিয়ে বলতে পারি, মার্কেজের স্মৃতিশক্তি নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।’আবেলো আরও বলেন, ‘এমনিতেই মানুষের বয়স বেশি হলে স্মৃতিশক্তি কিছুটা লোপ পায়। তার মানে এই নয় যে মার্কেজ স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন। তবে মার্কেজের বন্ধু হতে পেরে আমি আজও গর্বিত।’১৯৯৪ সালে কলম্বিয়ার পর্যটন শহর কার্তাজেনায় নিউ জার্নালিজম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।এর আগে মার্কেজের ভাই জেইম গার্সিয়া মার্কেজ কলম্বিয়ার কার্তাজেনা শহরে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, তাঁর ভাই ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন।মার্কেজ ১৯৮২ সালে নোবেল পুরস্কার পান। এএফপি।