‘গুগল ফিলিস্তিন ভূখণ্ড’ এখন ‘গুগল ফিলিস্তিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তার ফিলিস্তিন সংস্করণের প্রথম পাতার ট্যাগলাইনে পরিবর্তন এনেছে। আগে এই পাতায় লেখা থাকত ‘ফিলিস্তিন ভূখণ্ড’। সেটা পরিবর্তন করে এখন কেবল ‘ফিলিস্তিন’ লেখা থাকছে।তার মানে এখন থেকে ইন্টারনেটে www.google.ps- এই পাতায় প্রবেশ করা হলে গুগলের মূল লোগোর নিচে আরবি ভাষায় শুধু ‘ফিলিস্তিন’ লেখা প্রদর্শিত হবে।‘ফিলিস্তিন ভূখণ্ড’ না শুধু ‘ফিলিস্তিন’ এই পরিভাষা একটি রাজনৈতিক বিতর্কিত বিষয়। কারণ, পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম মিলে গঠিত ফিলিস্তিনের চূড়ান্ত মর্যাদা আজও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। গত বছরের নভেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা বাড়ানো হয়। আন্তর্জাতিক এই সংস্থায় আগে ফিলিস্তিনকে কেবল একটি ‘এনটিটি’ বা অস্তিত্ব আছে এমন হিসেবে স্বীকৃত ছিল। তবে গত বছরের নভেম্বর মাসে ফিলিস্তিনকে ‘নন-মেম্বার অবজারভার স্টেট’ বা সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। জাতিসংঘের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর আগে ২০১১ সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হওয়ার চেষ্টা করে। তবে সংস্থাটির নিরাপত্তা পরিষদের সদস্যদের পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সে প্রচেষ্টা ভেস্তে যায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করছে। বিবিসি।