'গুজরাটের রক্তে লাল হয়ে আছে মোদির হাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও মুকুল রায়
নরেন্দ্র মোদি ও মুকুল রায়

ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছেন, ‘মোদির হাত গুজরাটের রক্তে লাল হয়ে আছে। কীভাবে দেশ চালাবেন মোদি?’ 

আজ সোমবার সকালে কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন মুকুল রায়। গতকাল রোববার রাতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীর এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে মোদি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় যাওয়ার পর পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা-কাণ্ডের সঠিক তদন্ত করবে। দোষীদের কাউকে ছাড়া হবে না। তিনি বলেছিলেন, ‘মমতা ভীষণ লোভী। বামেদের পথে হাঁটছে। তাই কংগ্রেস, বাম ও  তৃণমূল—এই চক্রের বাইরে যেতে হবে বাংলাকে। আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের স্বরাজ দেব।’

এই সভায় মোদি প্রশ্নও করেছিলেন, ‘কেন মমতার আঁকা একটি ছবি এক কোটি ৮০ লাখ রুপিতে কেনা হলো?’ তিনি আরও বলেন, ‘এত বছরে বামেরা যা ক্ষতি করেছে, মমতা এই কয়েক বছরে তার থেকে বেশি ক্ষতি করেছে।’

মোদির এই বক্তব্যের পর তীব্র ক্ষোভ ছড়ায় তৃণমূলের বিভিন্ন মহলে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় আজ সোমবার সকালে কলকাতায় এক সংবাদ সম্মেলন করে একহাত নেন মোদিকে। তিনি বলেন, ‘যাঁর হাত গুজরাটের রক্তে লাল হয়ে আছে, ২০০২ সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার যিনি নায়ক, যিনি গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, সেই ব্যক্তি কীভাবে দেশ চালাবেন?’

মুখ্যমন্ত্রীর একটি ছবি এক কোটি ৮০ লাখ রুপিতে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগের উত্তরে মুকুল রায় আরও বলেন, এই অভিযোগ প্রমাণ করতে না পারলে মোদিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরই মধ্যে তাঁরা এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। শুধু তা-ই নয়, মোদি ক্ষমা না চাইলে তৃণমূল কংগ্রেস মানহানির মামলা করারও হুমকি দিয়েছে।