বসনিয়ার সাবেক সার্ব আধা সামরিক বাহিনীর সদস্য ভেসেলিন ভ্লাহোভিচকে গতকাল শুক্রবার ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধে সারায়েভোর বেসামরিক জনগণের বিরুদ্ধে সন্ত্রাসের রাজত্ব কায়েমের দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। নিষ্ঠুরতার জন্য তিনি ‘মনস্টারঅব গ্রাভিকা’ (গ্রাভিকার দানব) নামেও পরিচিত।সারায়েভোর এক আদালতের বিচারক জোরান বোজিচ বলেন, যুদ্ধে অ-সার্ব জনগণের বিরুদ্ধে পরিকল্পিত দমনাভিযান চালানোর সময় তিনি তাঁদের বিতাড়িত করায় অংশ নেন। একই সঙ্গে তিনি তাঁদের ওপর হত্যাকাণ্ড চালান এবং নির্যাতন, ধর্ষণ ও বন্দী করেন।রায় ঘোষণা শেষে একজন সরকারি কৌঁসুলি বলেন, তিনি ৩১ জনকে হত্যা, ১৪ জনকে গুম এবং ১৩ নারীকে ধর্ষণ করেন।যুদ্ধাপরাধের দায়ে এ পর্যন্ত বসনিয়ার ওই আদালতের ঘোষণা করা সাজার মধ্যে জাতিগতভাবে মন্টেনিগ্রো ভেসেলিন ভ্লাহোভিচকে দেওয়া সাজাই সর্বোচ্চ। তাঁর বিরুদ্ধে আনা ৬০টি অভিযোগের প্রতিটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। এএফপি।