মিয়ানমারের রাখাইন রাজ্যে দাঙ্গায় উপকূলবর্তী শহর কায়াউকপুর প্রায় ৩৫ একর জায়গা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ধ্বংস হয়েছে ৮০০টির বেশি ঘরবাড়ি। এই ধ্বংস হয়ে যাওয়া ৩৫ একর জায়গার বাসিন্দাদের বেশির ভাগই মুসলিম রোহিঙ্গা।বৌদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে ছয় দিনের দাঙ্গার পর রাখাইনের কায়াউকপু এখন কিছুটা শান্ত। গত দুই দিনে সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ছয় দিনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ আর তাণ্ডবলীলা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের, বিশেষ করে রোহিঙ্গাদের। বিভীষিকাময় মুহূর্তগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরছে দাঙ্গা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা।চার সন্তানের জননী আশরা বানু (৩৩) বলেন, ‘আমাদের ঘরে থাকতে বলা হয়েছিল। কিন্তু ঘরে ঢোকার পর বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়।’২৪ অক্টোবর কায়াউকপুর বাসিন্দা আশরা বানুদের এলাকা পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে কোনোমতে পালিয়ে আসেন তিনি। আশরা বলেন, ‘আগুন লাগিয়ে দেওয়ার পর দৌড়ে বাড়ির বাইরে এলে আমরা গুলির মুখে পড়ি, পুলিশ আর রাখাইনরা মিলে গুলি করছিল। আগুন নেভানোর চেষ্টাও করতে পারিনি, প্রাণপণ দৌড়ানোর চেষ্টা করে গেছি।’নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ দাঙ্গার আগে ও পরের কায়াউকপু অঞ্চলের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। এতে দেখা যায়, কায়াউকপুরের মুসলিম-অধ্যুষিত এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার ৮১১টির বেশি ভবন ও অস্থায়ী বাড়ি ধ্বংস করা হয়েছে।জমিলা (৬৩) নামের এক রোহিঙ্গা বলেন, ‘রাখাইনরা ছোরা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। গায়ের কাপড় ছাড়া আমি কিছুই রক্ষা করতে পারিনি।’ টে চাউং এলাকার একটি আশ্রয়কেন্দ্রে ওঠা জমিলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আর বাড়িতে ফিরে যেতে পারব না।’সরকারি হিসাবে, ২১ অক্টোবরের পর থেকে রাখাইনজুড়ে প্রায় তিন হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার বলা হয়েছে, দাঙ্গায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ সংখ্যা আরও অনেক বেশি।আবদুল আউয়াল (৩০) নামের অপর এক রোহিঙ্গা বলেন, ‘রাখাইনরা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার সময় পুলিশ তাদের পাশেই ছিল। রাখাইনরা আমাদের পিটিয়েছে। পুলিশ করেছে গুলি। আমরা কোনোভাবে সাগরে পালিয়ে যাই, কিন্তু তারা সেখানেও আমাদের ধাওয়া করে।’ আউয়াল বলেন, ‘আমাকে এখন নতুন জীবন শুরু করতে হবে।’নূর হোসাইন (৫৪) বলেন, ‘আমি বহু লোককে হত্যা করতে দেখেছি। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কেননা, আমাদের চারপাশে রাখাইনদের বসবাস। আমরা কোনোমতে সৈকতে এসে নৌকায় করে পালিয়ে আসি।’তবে এক রাখাইন বৌদ্ধ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, রাখাইন ও রোহিঙ্গা উভয়ই ছোরা, তলোয়ার, লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালিয়েছে। একপর্যায়ে রোহিঙ্গারা নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়। তিনি বলেন, ৮০ থেকে ১০০টি নৌকায় করে মুসলমানরা পালিয়ে গেছে।গত জুন থেকে জাতিগত দাঙ্গায় মাছ বিক্রেতা মোহাম্মদ জিকেইরের ১১ জন আত্মীয় মারা গেছে। সেই থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এই মাছ বিক্রেতা বলেন, ‘আমাদের কোনো আশা নেই। আমরা এই দাঙ্গার অবসান চাই। শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এমন চলতে থাকলে, আমাদের কেউই বাঁচতে পারবে না।’ রয়টার্স।