'ঘৃণা প্রচারকারীদের' ভিসা আটকাতে চায় অস্ট্রেলিয়া
চরমপন্থী ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী প্রচারকদের ভিসা-সংক্রান্ত নিয়মনীতি কঠোর করতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। ‘ঘৃণা প্রচারকারীরা’ যাতে দেশটিতে ঢুকতে না পারেন, সেটিই তাঁর লক্ষ্য। খবর বিবিসির।
টনি অ্যাবট গত মঙ্গলবার সাংবাদিকদের কাছে ওই আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, এ ব্যাপারে প্রস্তাবিত আইনি সংশোধনী অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসবাদ উৎসাহিত’ করার ঘটনাকে অপরাধ বলে সাব্যস্ত করা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার কাজকে সহজ করবে।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়া বর্তমানে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশটিতে চালানো হয়েছে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান। ইরাকের জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অংশগ্রহণকারী দেশগুলোর একটি অস্ট্রেলিয়া।
প্রধানমন্ত্রী অ্যাবট বলেন, নির্দিষ্ট ব্যক্তিদের যাচাই, শনাক্ত ও তাঁদের ভিসার অনুমতি প্রত্যাখ্যান করতে একটি ‘লাল কার্ড’ ব্যবস্থা প্রবর্তন করা হবে। তিনি বলেন, ‘আমরা যা চাই, তা হলো ঘৃণা প্রচারকারী হিসেবে পরিচিত ব্যক্তিরা যাতে এ দেশে ঢুকে বিভেদ সৃষ্টিকারী ও চরমপন্থী মতাদর্শ ছড়াতে না পারেন, তা নিশ্চিত করা।’
এরই মধ্যে বিশেষ কিছু আইন প্রণয়ন করেছে অস্ট্রেলিয়া। বাস্তবিক অর্থে যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড আছে, যাঁরা ‘সংঘাতে উসকানি’ দিতে পারেন কিংবা অস্ট্রেলিয়ার জন্য হুমকি বলে প্রতীয়মান হন, তাঁদের ভিসা প্রত্যাখানের অনুমতি এসব আইনে রয়েছে।
অস্ট্রেলিয়া সম্প্রতি কয়েকটি সন্ত্রাসবাদবিরোধী উদ্যোগ নিয়েছে। কেউ যাতে মধ্যপ্রাচ্যে লড়াইয়ে অংশ নিতে যেতে না পারেন, সে জন্য গত ৫ আগস্ট পাস করা হয় নতুন আইন। ২৭ আগস্ট এ ধরনের ব্যক্তির বিদেশ যাওয়া ঠেকাতে বিমানবন্দরগুলোয় বসানো হয় নতুন সন্ত্রাস দমন শাখা। গত ১৪ সেপ্টেম্বর আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ৬০০ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী অ্যাবট। ৩ অক্টোবর আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দেয় তাঁর সরকার।