‘চরম হুমকি’ পর্যায়ে সতর্কাবস্থা জারি দ. কোরিয়ার
উত্তর কোরিয়ার অব্যাহত হুমকি ও দেশটির নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির লক্ষণ দেখা যাওয়ার প্রেক্ষাপটে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া তার সতর্কাবস্থাকে ‘চরম হুমকির’ পর্যায়ে উন্নীত করেছে।এদিকে কোরীয়-সংকট ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত মঙ্গলবার রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মুন বলেন, ভুল-বোঝাবুঝি থেকে যদি ছোট্ট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, একপর্যায়ে তা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সূত্রগুলো বলেছে, সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া অন্তত একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সক্রিয় ও প্রস্তুত করেছে। এর পাল্লা আনুমানিক তিন হাজার কিলোমিটার (২০০০ মাইল)। পিয়ংইয়ং ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান ও ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার স্পষ্ট হুমকি দিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালালে দেশটির বিরুদ্ধে গত মাসে জাতিসংঘ নতুন করে কঠোর অবরোধ আরোপ করে।এ ছাড়া, কোরীয় উপদ্বীপে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায়। পৃথক ঘটনায় গত মাসে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংক ও সম্প্রচারকেন্দ্রে সাইবার হামলার জন্য সিউল এক প্রাথমিক তদন্তে উত্তর কোরিয়াকে দায়ী করেছে। নতুন করে ওই অবরোধ আরোপ, যৌথ সামরিক মহড়া ও দক্ষিণের অভিযোগে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে উত্তর কোরিয়া।বার্তা সংস্থা ইয়োনহ্যাপ বলেছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি মুসুদান ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় ধারণা করা হচ্ছে, দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, এই অবস্থায় শত্রুপক্ষের ওপর নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বাহিনী তাদের যৌথ সতর্কতার মাত্রা ‘ওয়াচকন-২’ এ উন্নীত করেছে।উত্তর কোরিয়া ২০১০ সালে এক সামরিক কুচকাওয়াজের সময় প্রথম মুসুদান ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। তবে এখনো এর পরীক্ষা চালানো হয়নি। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এই ক্ষেপণাস্ত্র ইরানের কাছে বিক্রি ও সেখানে এর পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে।দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বাইয়ুং-সি পার্লামেন্টে বলেন, এখন থেকে যেকোনো সময় ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হতে পারে। এ ধরনের পরীক্ষা চালানো হলে সেটি হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭১৮ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ২০০৬ সালে পাস করা এ প্রস্তাবে উত্তর কোরিয়ার নতুন করে পারমাণবিক বা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি।