ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণের প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার হাজার হাজার মানুষ সহিংস বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তলব করা হয়। এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতারা মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করেছেন।গতকাল ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় গোটা কূটনৈতিক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হয় অন্তত ৫০ জন।কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা গতকাল লাঠিসোঁটা নিয়ে ইসলামাবাদের সুরক্ষিত কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। তাদের নিবৃত্ত করতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ এলাকার ভেতর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অধিকাংশ পশ্চিমা দেশের দূতাবাস রয়েছে।কর্মকর্তারা আরও জানান, বিক্ষোভকারীদের ঠেকাতে দূতাবাস অভিমুখী একটি সড়কে পুলিশ আগে থেকেই প্রতিবন্ধকতা গড়ে তোলে। কিন্তু এ প্রতিবন্ধকতা পেরিয়ে বিক্ষোভকারীরা ভেতরে যাওয়ার চেষ্টা চালালে সেনাবাহিনী তলব করে সরকার।ইন্টারনেটে ওই চলচ্চিত্রের দৃশ্য ছড়িয়ে পড়ার পর ইতিমধ্যে কমপক্ষে ২০টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছে। ইসলামাবাদে গতকাল বিক্ষোভ শুরুর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্বব্যাপী তার কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এদিকে গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বজুড়ে সহিংসতা উসকে দেওয়া ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাণকারীরা মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করেছেন। চলচ্চিত্রটি অসম্মানজনক ও লজ্জার। চলচ্চিত্রটির একটি বিজ্ঞাপনচিত্র ইন্টারনেটে প্রচারিত হওয়ার পর বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে মার্কিনবিরোধী বিক্ষোভ শুরু হয়। লিবিয়ার বেনগাজিতে বিক্ষোভের সময় নিহত হন মার্কিন রাষ্ট্রদূত। জাতিসংঘের মহাসচিব বলেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত রাখতে হবে। রয়টার্স ও এএফপি।