পাকিস্তানে শিয়া মুসলিমদের হত্যাকারী সন্দেহে গতকাল মঙ্গলবার চারজনকে হত্যা ও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দেশটির কোয়েটা শহরে শিয়াদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৮৯ জন নিহত হয়।বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানি জানান, গতকাল কোয়েটা শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় ওই চারজনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের সবাই শীর্ষস্থানীয় খুনি। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কোয়েটার হামলার অন্যতম একজন হোতাও রয়েছেন। কোয়েটার ঘটনার পর থেকে শিয়া মুসলমানরা বিক্ষোভ করে আসছেন। করাচি শহরেও তা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে ইসলামাবাদের বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে। শিয়া নেতারা নিরাপত্তার স্বার্থে কোয়েটায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তবে সন্দেহভাজন খুনিদের হত্যা ও গ্রেপ্তারের পর পাকিস্তানের কর্তৃপক্ষ শিয়াদের বিক্ষোভ প্রত্যাহার করাতে পেরেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এএফপি।