‘চারদিকে উড়ছিল ধ্বংসাবশেষ’
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াকোর ওয়েস্ট সার কারখানায় বিস্ফোরণের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা ৬০ থেকে ৭০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিস্ফোরণের শব্দ এতই জোরালো ছিল যে তা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের ভয়াবহতায় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। আশপাশের কয়েকটি ভবন ধসে পড়ে। পরে অন্য ভবনেও দ্রুত আগুন ছড়িয়ে যায়।ওয়েস্ট শহরের পাঁচ কিলোমিটার দূরে টুরস শহরে বসবাস করেন পানির মিস্ত্রি উইলিয়াম স্নাইডার। ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ঘর থেকে আগুনের শিখা দেখতে পেয়েছি। ওয়েস্টের ইতিহাসে এটাই ভয়াবহতম ঘটনা। রাসায়নিক পদার্থ জ্বলছে, যেন শহরের আকাশ কুয়াশায় ছেয়ে গেছে।’দুর্ঘটনাস্থল থেকে লোকজনকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েকটি হেলিকপ্টারকে দমকলকর্মীদের উদ্ধার তৎপরতায় বিশাল আলোর মাধ্যমে সাহায্য করতে দেখা গেছে।এরিক পেরেজ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণস্থল থেকে মাত্র ২০০ ফুট দূরে ছিলাম আমি। আমরা বাস্কেটবল খেলছিলাম। হঠাৎ আমাদের বের হয়ে যেতে বলা হলো। আমরা দ্রুত সটকে পড়লাম।’ তিনি বলেন, ‘মনে হলো বিশাল একটা শক্তি আমাকে পেছনে ঠেলছে। বিস্ফোরণস্থল থেকে চারদিকে ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছিল। আমি এখনো ভয়ে কাঁপছি। সম্ভবত আমার জীবনে এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা।’ঘটনাস্থল থেকে চার মাইল দূরে বাস করেন উইলিয়াম বুরচ। তিনি বলেন, ‘আমরা তখন বাড়িতেই ছিলাম। বিশাল এক শব্দে বাড়িটি কেঁপে ওঠে। আমরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাই।’ তিনি বলেন, ‘বাইরে এসে শুধুই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই। প্রত্যেককে বলতে থাকি, আমাদের পালাতে হবে।’ বিবিসি।