‘চিঠি’র সঙ্গে সাবেক সেনাপ্রধানও জড়িত!
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ বলেছেন, হুসেইন হাক্কানি একা সেই বহুল আলোচিত ‘গোপন চিঠি’টি (মেমো) লেখেননি। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জাহাঙ্গীর কারামত ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আলী দুররানি এর সঙ্গে জড়িত। ফরেন পলিসি সাময়িকীতে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ইজাজ গোপন চিঠি প্রস্তুতির সঙ্গে হাক্কানিসহ তিন ব্যক্তির জড়িত থাকার দাবি করেন। গত বৃহস্পতিবার দ্য কেব্লকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হাক্কানি বাদে অন্য দুজনের নাম উল্লেখ করেন।ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়, ইজাজ যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জিম জোনসের ব্যক্তিগত ই-মেইলে বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় ইজাজ লিখেছেন, ‘গোপন চিঠি প্রস্তুত করেছেন তিনজন। তাঁদের মধ্যে দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি বিশ্বাস করি, তাঁরা সৎ ও সম্মানিত ব্যক্তি। তাঁরা ইসলামাবাদের খেলা থেকে কিছু সময়ের জন্য দূরে আছেন।’ ডন।