রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনের সফরে তিনি গতকাল বেইজিংয়ে পৌঁছান। বৈঠকে পুতিন চীনের প্রেসিডেন্টকে বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে।এর আগে দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী পুতিন চার বছরের বিরতি দিয়ে গত মাসে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেন। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটা তাঁর প্রথম এশিয়া সফর।যুক্তরাষ্ট্র সফর বাতিল করার মাত্র কয়েক সপ্তাহ পর পুতিন এ সফরে গেলেন। সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে একই পথে হাঁটছে রাশিয়া ও চীন। দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি পদক্ষেপ উভয় দেশ যৌথভাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দিয়েছে। এ কারণে পশ্চিমা ও আরব বিশ্বে দেশ দুটির বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধে উঠছে।পুতিন গতকালের বৈঠকে হু জিনতাওকে জানান, উভয় পক্ষের টেকসই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতার বিষয়ে অংশীদারি সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। এএফপি।