‘চীনপন্থী’ মা ইং-জিউ আবার তাইওয়ানের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে গতকাল শনিবার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন মা ইং-জিউ। নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও ভোটের ফলাফলে এর প্রতিফলন ঘটেনি। স্পষ্ট ভোটের ব্যবধানেই জিতেছেন ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী মা ইং-জিউ।২০০৮ সালের নির্বাচনেও মা ইং-জিউ (৬১) জয়ী হন। চীনের প্রতি বন্ধুভাবাপন্ন হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। গতকাল অনুষ্ঠিত নির্বোচনে মা ইং-জিউ পেয়েছেন ৫১ দশমিক ৫ শতাংশ ভোট। বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির তাই ইং-ওয়েন পেয়েছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোট। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন অধিকাংশ ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ ফলাফলে ভোটের হ্রাস-বৃদ্ধি ঘটলেও তা জয়-পরাজয়ে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে কমিশন।দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ের সামনে অবিরাম বৃষ্টির মধ্যে ভিড় করা সমর্থকদের উদ্দেশে বিজয় চিহ্ন দেখিয়ে মা ইং-জিউ বলেন, ‘আমরা জয়লাভ করেছি।’প্রেসিডেন্ট পদে জয়লাভের পাশাপাশি দেশের আইনসভাতেও সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে মা ইংয়ের দল ন্যাশনালিস্ট পার্টি। তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে, ১১৩ আসনের আইনসভায় দলটি ৬৫ আসনে জয়লাভ করেছে।অপরদিকে পরাজয় মেনে নিয়েছেন প্রগ্রেসিভ পার্টির নেত্রী তাই ইং-ওয়েন। তিনি বলেন, ভোটে পরাজিত হওয়ায় দলীয় প্রধানের পদ ছেড়ে দেবেন। নির্বাচনে জয়ী হলে তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়তে পারতেন তিনি। রয়টার্স।