‘চুক্তি মেনেই’ সিরিয়াকে অস্ত্র দিচ্ছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া বলেছে, সোভিয়েত আমলে করা চুক্তির শর্ত অনুযায়ী সিরিয়ায় অস্ত্র সরবরাহ করছে মস্কো। অভ্যন্তরীণ হুমকি মোকাবিলায় দামেস্ককে এই অস্ত্র দেওয়া হচ্ছে। তবে তার মানে এই নয় যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আন্তর্জাতিক সমর্থন দিচ্ছে রাশিয়া।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মিসরের রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরামকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।এদিকে দামেস্ক ও আলেপ্পোতে গতকাল বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার একটি বড় তেলক্ষেত্র দখল ও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী উভয় পক্ষ হয়ে লড়াইয়ে অংশ নিয়েছে।গত বছর সিরীয় সরকারের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। একই সঙ্গে তারা এও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধিতা করবে মস্কো।লাভরভ বলেন, দামেস্কে এখনো অস্ত্র পাঠানো হচ্ছে। চুক্তির আওতায় অস্ত্র বিক্রি করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে না। তিনি বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীণ লড়াইয়ে আমরা কারও পক্ষ নিচ্ছি না। রাশিয়া ও সিরিয়ার কৌশলগত সামরিক সহযোগিতার অংশ হিসেবে দামেস্কের অভ্যন্তরীণ হুমকি মোকাবিলায় তাদের সমর্থন দিচ্ছি। মস্কো আসাদকে সমর্থন দিচ্ছে না।’রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়াকে প্রধান অস্ত্রগুলো সোভিয়েত ইউনিয়নই সরবরাহ করেছে। বর্তমানে সোভিয়েত চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে কিছু বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই অস্ত্র রপ্তানি করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হচ্ছে না।লাভরভ অভিযোগ করেন, সিরীয় সরকারকে উৎখাতে বিরোধীদের অস্ত্র সরবরাহ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বিদেশি শক্তিগুলো। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে করে আল-কায়েদার হাতে অস্ত্র চলে যেতে পারে।সদস্যপদ বাড়াবে প্রধান বিদ্রোহী জোট: সিরিয়ার প্রধান সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল কাতারের রাজধানী দোহায় ওই সংগঠনের সম্মেলনে ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্রোহীদের হামলায় ৫০ সিরীয় নিহত: হামা প্রদেশের জিয়ারা গ্রামে আল-কায়েদাসংশ্লিষ্ট জাবাত আল-নুসরা নামের একটি জঙ্গি সংগঠনের আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় ৫০ জন সেনা ও বাশার-সমর্থক যোদ্ধা নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি উন্নয়ন সংস্থার দপ্তরের বাইরে বোমার বিস্ফোরণ ঘটে। রয়টার্স ও এএফপি।