আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ‘চূড়ান্ত’ লড়াইয়ের জন্য প্রস্তুত ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হাসান ফিরোজাবাদি এ হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা ফার্স গতকাল বুধবার এ খবর দিয়েছে।
ফিরোজাবাদি বলেন, ‘আমেরিকা ও ইহুদিবাদী (ইসরায়েল) দেশটির বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’ একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূমি থেকে ইরানে হামলার সুযোগ না দিতে বলেন তিনি।
জেনারেল ফিরোজাবাদি বলেন, ‘এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু কোনো দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে আমরা সেখানে হামলা করব।’
বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্কসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত মাসে বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ বা যা করা প্রয়োজন, সে জন্য প্রস্তুত ওয়াশিংটন।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের ধাপ্পাবাজি বলে অভিহিত করেন ইরানি জেনারেল। এএফপি।