'চোখের সামনে দেখলাম, মানুষ পুড়ছে'

৩৯ বছর বয়সী হানান ওয়াহাবি থাকতেন গ্রেনফেল টাওয়ারের ২৭ তলায়। মঙ্গলবার রাত একটার দিকে ধোঁয়ায় ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যখন তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন একদম বিধ্বস্ত অবস্থা তাঁর। বলছিলেন, ‘বিছানায় বসেই ছাইয়ের উড়ে আসা দেখছিলাম আমি। পরে ওই ছাইয়ের ঝড়ে আচ্ছাদিত হয়ে যায় আমাদের ফ্ল্যাটটি। জানালার পাশ থেকেই আগুন দেখা যাচ্ছিল।’
প্রাণে বেঁচে যাওয়ায় নিজেকে ‘ভাগ্যবান’ মানছিলেন হানান। তবে অনেকেরই ভাগ্য অতটা সুপ্রসন্ন ছিল না। লন্ডনের গ্রেনফেল টাওয়ার এখনো জ্বলছে। যেকোনো মুহূর্তে ভেঙেও পড়তে পারে ভবনটি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন। গত শতকের সত্তরের দশকে নির্মিত আবাসিক এই ভবন নটিংহিলের কাছে অবস্থিত। ভবনে ১২০টি আবাসিক ফ্ল্যাট রয়েছে। লন্ডন পুলিশ বলছে, এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। ভবনে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
এএফপির খবরে বলা হয়েছে, ধোঁয়ার কারণে উদ্ধারকাজ চালাতেও বেশ সমস্যা হচ্ছে। আটকে পড়া মানুষ বের হতে পারছেন না। হানান ওয়াহাবির ছোট ভাই থাকেন গ্রেনফেল টাওয়ারের ২১ তলায়। শেষবার যখন কথা হয়েছিল, তখন স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে আটকে ছিলেন তিনি। ধোঁয়ার কারণে চলাচল করতে পারছিলেন না তাঁরা। টেলিফোন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ভবনের করিডরগুলোতে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে করে একমাত্র জানালা ছাড়া ভবনটি থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত জোডি মার্টিন নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা সবাইকে নেমে আসার অনুরোধ করছিলাম। অনেকেই বলছিলেন যে ঘন ধোঁয়ার কারণে করিডর দিয়ে বের হতে পারছেন না।’
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল নামের প্রত্যক্ষদর্শী জানান, গ্রেনফেল টাওয়ারের ওপরের তলাগুলোতে আটকে রয়েছেন অনেক মানুষ। তাঁর জবানিতে, ‘চোখের সামনে দেখলাম, মানুষ পুড়ছে। অনেকে আগুন থেকে বাঁচতে জানালা থেকে লাফ দিয়েছিলেন।’
এদিকে আগুনে সর্বস্বান্ত হয়েছেন গ্রেনফেল টাওয়ারের অনেক বাসিন্দা। এর সঠিক হিসাব এখনো বের করা যায়নি। ভবনটির ১৬তলায় থাকা আবদুল হামিদ (৫১) বলেন, ‘আমি এখন উদ্বাস্তু। ফ্ল্যাটে পাসপোর্টসহ আমার অনেক প্রয়োজনীয় জিনিস ছিল। সব গেছে। এবার হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল আমার।’ অবশ্য এত কিছুর পরও প্রাণে বেঁচে যাওয়াতেই নিজেকে ভাগ্যবান ভাবছেন তিনি।
আরও পড়ুন...
২৪ তলা ভবনে আগুনে ৬ জনের মৃত্যু