‘ছদ্মবেশে সন্ত্রাস’ চালাচ্ছেন আধ্যাত্মিক নেতা দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন গতকাল বুধবার অভিযোগ করেছে, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ও তাঁর সমর্থকেরা ‘ছদ্মবেশে সন্ত্রাস’ চালাচ্ছেন। চীনে তিব্বতি ভিক্ষুদের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতিতে প্ররোচনা দিচ্ছেন তাঁরা।এদিকে মিয়ানমারের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দালাই লামা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের উসকে দেওয়ার কারণে সেখানে কয়েক সপ্তাহে নাটকীয়ভাবে বিক্ষোভ বেড়ে গেছে।মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ সাংবাদিকদের বলেন, ‘বিদেশে অবস্থানরত তিব্বতের স্বাধীনতাকামী লোকজন ও দালাই লামার অনুসারীরা এসব আত্মহত্যার ঘটনার কোনো সমালোচনা করেননি। উল্টো এসব ঘটনা ঘটাতে প্ররোচনা দেওয়ার ভূমিকা পালন করেছেন। আমরা জানি, মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো বিচ্ছিন্নতাবাদী এসব কর্মকাণ্ড সহিংসতা ও ছদ্মবেশে ঘটানো সন্ত্রাস।’ গত মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ধর্মীয় স্বাধীনতার দাবিতে একজন তিব্বতি বৌদ্ধ ভিক্ষু আগুনে আত্মাহুতি দেন। এর আগে লাসায় দাঙ্গার তৃতীয় বার্ষিকীতে একজন তরুণ ভিক্ষু আত্মহত্যা করেন। গত মার্চ থেকে এ পর্যন্ত নয়জন তিব্বতি বৌদ্ধ ভিক্ষু আগুনে আত্মাহুতি দিলেন। ভিক্ষুদের ভাষ্য, দালাই লামার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কছেদের প্রতিবাদেই তাঁরা আত্মাহুতি দিচ্ছেন। এএফপি ও রয়টার্স।