‘ছেলের কলঙ্ক আমাকে কুরে কুরে খাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলে যে কলঙ্ক বয়ে এনেছে, তা আমাকে কুরে কুরে খাচ্ছে। এ লজ্জায় গ্রামের লোকজনের সঙ্গে ওঠাবসা করতে পারছি না।’আক্ষেপ করে এসব কথা বলেছেন দিল্লির আলোচিত মেডিকেলছাত্রী ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার সেই ছেলেটির মা, বয়স নির্ণয়ে যার পরীক্ষা চলছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে তিনি ছেলের প্রতি এই ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। উত্তর প্রদেশ রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে নিজ ভিটায় মাটিতে বসে এই মা যখন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁকে খুব দুর্বল দেখাচ্ছিল। সবুজ একটা চাদর গায়ে তীব্র শীতে কাঁপছিলেন তিনি। আলাপকালে এই মা জানান, টানা কয়েক দিন উপোস রয়েছেন তিনি। কথা বলতে বলতে একপর্যায়ে তিনি মূর্ছাও যান। গত ১৬ ডিসেম্বর ওই ফিজিওথেরাপির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এই মায়ের ছেলেটি সবচেয়ে ছোট। মায়ের দাবি অনুযায়ী বয়সে ছেলেটি কিশোর হলেও পুলিশের দাবি, সে কিশোর নয়, তার বয়স ১৮ বছরের বেশি হবে। এ ব্যাপারে তার শারীরিক পরীক্ষা চলছে। কিশোর বলে প্রমাণিত হলে পৃথক আদালতে তার বিচার হবে। রয়টার্স।